Monday, 22 December 2025

প্রতিরোধ


প্রতিরোধ
আরমান রশিদ

আমি প্রতিরোধ—
আমি অগ্নি-সন্তান,
আমি আগুনঝরা ক্রোধ!
আমি প্রতিরোধ—
আমি শিকল ভাঙা বজ্র,
আমি দাসত্বের মৃত্যুদূত!

আমি প্রতিরোধ—
আমি ক্ষুধার্ত বাঘ—
মায়ের মাটিতে দাঁত বসাই!
আমি প্রতিরোধ—
আমি বুকের ভেতর লুকানো—
সহস্র বারুদের চিৎকার!

আমি প্রতিরোধ—
আমি সেই জাতি—
যার রক্তকে বারবার পরীক্ষায় ফেলা হয়েছে!
আমি প্রতিরোধ—
আমি বন্ধুত্বের—
মুখোশ ছিঁড়ে ফেলা তীক্ষ্ণ নখ!

আমি প্রতিরোধ—
আমি মানচিত্রের—
প্রতিটি রেখায় লেখা অস্বীকার!
আমি প্রতিরোধ—
আমি অন্যায়ের বুকে—
হাঁটা আগ্নেয় লাভা!

আমি প্রতিরোধ—
আমি সেই প্রশ্ন,
যার উত্তর দিতে ভয় পায় শাসক!
আমি প্রতিরোধ—
আমি ইতিহাসের—
সেই অসমাপ্ত প্রতিশোধ!

আমি প্রতিরোধ—
আমি মাথা নত না করা—
লাল-সবুজ শপথ!
আমি প্রতিরোধ—
আমার কণ্ঠরোধ করা হলে—
বিস্ফোরিত হয় বজ্রনালী!

আমি প্রতিরোধ—
আমি শান্ত নই—
যতক্ষণ অন্যায় বেঁচে থাকে!
আমি প্রতিরোধ—
আমি চোখের ভাষায়—
বাঁজিয়ে দিব যুদ্ধের ঘোষণা!

আমি প্রতিরোধ—
আমি উপেক্ষিত মানুষের—
জমে ওঠা আগুন!
আমি প্রতিরোধ—
আমি সীমান্ত নয়—
আমি সীমা ভাঙা চেতনা!

আমি প্রতিরোধ—
আমি ক্ষমার আগে—
বিচার চাই!
আমি প্রতিরোধ—
আমি রক্ত দিয়ে লেখা—
সাবধান-বাণী!

আমি প্রতিরোধ—
আমি আর সহ্য করবো না—
এক বিন্দুও না!
আমি প্রতিরোধ—
আমি ধ্বংস নই—
আমি ন্যায়ের আগুন!

আমি প্রতিরোধ—
আমি ভাঙবো—
কিন্তু বিক্রি হবো না!
আমি প্রতিরোধ—
আমি মাথা হারাবো—
কিন্তু মেরুদণ্ড নয়!

আমি প্রতিরোধ—
আমি নিব সকল অন্যায়ের প্রতিশোধ!

3 comments:

Boss said...

অসাধারন হয়েছে এই প্রতিরোধ কবিতাটি।

Anonymous said...

Khub sundor❤️‍🔥💥

Md Meherab said...

khub sundor bondhu